স্বামীকে গলা কেটে হত্যা করলো স্ত্রী, এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মীর মোঃ মনির হোসেন, নিজস্ব প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রতেজান (৫০) কে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তি মান্নান সরকার মানু (৭০) স্থানীয়ভাবে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
আজ শনিবার (১৬ মে ২০২৬) দুপুর ১টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকার চৌগাছী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে সকালে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মান্নান সরকার মাঠে কাজ করতে যান। কাজ শেষে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় তার স্ত্রী ধারালো হাসুয়া দিয়ে গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গলাকাটা গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
হত্যাকান্ডের খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়।
বাংলাদেশ পুলিশ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মীর মোঃ মনির হোসেন