চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি জামিল খাঁন ও সাধারণ সম্পাদক রাজু
- আপডেট সময় : ১১:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি জামিল খাঁন ও সাধারণ সম্পাদক রাজু
নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে জামিল খাঁন পরাগ এবং সাধারণ সম্পাদক পদে মো. সামছু উদ্দিন রাজু নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে চেয়ার প্রতীকে জামিল খাঁন পরাগ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বই প্রতীকে মো. সামছু উদ্দিন রাজু ৯৫ ভোট পেয়ে বিজয়ী হন।
২০০৬ সালে প্রতিষ্ঠিত চন্দ্রগঞ্জ নিউ মার্কেটে প্রতিষ্ঠার পর এই প্রথম ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো। প্রথমবারের মতো আয়োজিত এ নির্বাচনকে ঘিরে মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৩ জন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি পদে মো. সোলেমান (ময়ূর প্রতীক) ৭৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে এমাম উদ্দিন (বই প্রতীক) ৭৫ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. সালাহ উদ্দিন (কলস প্রতীক) ৭৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. তারেক হাসান (চশমা প্রতীক) ৭৮ ভোট, প্রচার সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম (খেজুরগাছ প্রতীক) ৯৫ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. আল মামুন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ধর্মবিষয়ক সম্পাদক পদে মো. ইউসুফ ভূঁইয়া (ঈগল প্রতীক) ১০৭ ভোট এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান (মাইক প্রতীক) ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আলমগীর হোসেন (টেবিল প্রতীক) ৮১ ভোট, মো. রাসেল (একতারা প্রতীক) ৭৭ ভোট এবং মনির হোসেন (জগ প্রতীক) ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মো. আব্দুল কুদ্দুছ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রিসাইডিং অফিসার আলতাফ হোসেন, নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, মো. ইউসুফ, বেলাল হোসেন মানিক, মুনছুর আহম্মদ, ডা. মাকসুদুর রহমান ভূঁইয়া, ফখরুল ইসলাম খোকন ও হারুন অর রশিদ।
প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত কমিটির মাধ্যমে মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।









