চন্দ্রগঞ্জে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুল ইসলাম দিপুর আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
- আপডেট সময় : ০৬:৫৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

চন্দ্রগঞ্জে চাদাঁবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুল ইসলাম দিপুর আদালতে জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ব্যবসায়ীর মালামালবাহী গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম দিপুকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চন্দ্রগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মালামালবাহী গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ফরিদুল ইসলাম দিপুর বিরুদ্ধে। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, গাড়ির মালিক বারবার অনুরোধ করার পরও গাড়িটি ফেরত দিতে অস্বীকৃতি জানান ফরিদুল ইসলাম দিপু। পরে গাড়ির মালিক মো. ইশাদ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ফরিদুল ইসলাম দিপুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতে চালান করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর।










