লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে প্রায় ৪০ জন
- আপডেট সময় : ০২:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এতে করে বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
রবিবার (৫ এপ্রিল) পর্যন্ত গত তিন মাসে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৩৯ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. আবু হাসান শহীন।
তিনি বলেন, শনাক্ত ৩৯ জনের নমুনা পরীক্ষার পর চারজনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
পরিস্থিতি মোকাবিলায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরূপ পাল বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, কোনো শিশুর জ্বর, সর্দি, কাশি বা শরীরে র্যাশ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত।















