চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত হলো চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
- আপডেট সময় : ০৮:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

ফজলে এলাহী :নিজস্ব প্রতিনিধিঃ চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর)
তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দিনব্যাপী ‘সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের তরুণ ও কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চন্দ্রগঞ্জের রাজমুকুট কমিউনিটি সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাও. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি গাজী মাজেদুর রহমান শফিকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আ হ ম মুস্তাকুর রহমান। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চ্যানেল টোয়েন্টিফোরের বিজনেস রিপোর্টার দেলাওয়ার হোসাইন দোলন।
এ ছাড়া বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্টার নিউজের নোয়াখালী প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাত এবং সময় টিভির নোয়াখালী স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল।
কর্মশালার শুরুতে অংশগ্রহণকারী সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে পর্যায়ক্রমে সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ ও যাচাই, মাল্টিমিডিয়া ও ডিজিটাল সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম (MoJo), ফ্যাক্ট চেকিং, ফেক নিউজ শনাক্তকরণ, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ক্রাইম রিপোর্টিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষকরা বলেন, বর্তমান সময়ে একজন সাংবাদিকের শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের দক্ষতা থাকলেই হবে না; তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সাংবাদিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
স্থানীয় সাংবাদিকতার ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে তথ্যনির্ভর প্রতিবেদন তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ, সাক্ষাৎকার গ্রহণ, তাৎক্ষণিক সংবাদ প্রেরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ উপস্থাপনের বিভিন্ন কৌশল হাতে-কলমে তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক সাংবাদিকতার সঙ্গে পরিচিত করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে উৎসাহিত করাই এ প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কর্মশালার বিভিন্ন সেশন পর্যালোচনা ও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।
আয়োজকদের এমন উদ্যোগকে স্থানীয় সাংবাদিকরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিয়মিত প্রশিক্ষণ ও অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়া গেলে স্থানীয় পর্যায়ের সাংবাদিকতায় আরও পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও জনসম্পৃক্ততা তৈরি হবে।









