মা ও ভাতিজিকে জবাই করে হত্যা, যুবক আটক
- আপডেট সময় : ১২:১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

মা ও ভাতিজিকে জবাই করে হত্যা, যুবক আটক
মীর মোঃ মনির হোসেন
নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একই পরিবারের দুই সদস্যকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতদের মধ্যে রয়েছেন তার মা ও ভাতিজি। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই যুবকের ভাবি।
সোমবার ২১/০৯/২০২৬ সকালে উপজেলার বড়শালঘর দক্ষিণপাড়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার পর আহত অবস্থায় ইমনের ভাবিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ইমন কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার নিজ মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে।
এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলে। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এসে আহত রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এবং ঘাতক ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে।
ঘটনার পর অভিযুক্ত ইমনকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিকভাবে শুনেছি, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।









