কৃষকের ৪ টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে
- আপডেট সময় : ০৮:২৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

কৃষকের ৪ টি গরু চুরি এলাকায় আতঙ্ক বিরাজ করছে
মীর মোঃ মনির হোসেন নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে এক রাতেই এক কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা। রোববার (১৯ জুলাই) দুপুরে এবিষয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী কৃষক ফরিদুল আলম পারভেজ (৫৬) জানান, দীর্ঘদিন ধরে তিনি নিজ বসতবাড়িতে গরু পালন করে আসছেন। চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে ৩টি দুধেল গাভী ও ১টি বাছুর। শনিবার রাতে প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন।
রোববার ভোরে নামাজের জন্য উঠে তার জেঠাতো ভাই গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। পরে তাকে বিষয়টি জানানো হলে তিনি গিয়ে দেখেন, গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা সব গরু উধাও।
পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরো জানান,গাভীর দুধ বিক্রি করেই সংসারের খরচ চালাতাম। সেই আয় থেকেই গরুর খাদ্যের ব্যয়ও মেটানো হতো। এক রাতেই সব শেষ হয়ে গেল।
উল্লেখ্য, গত দুই মাসে আশপাশের এলাকায় অন্তত পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’










