অবশেষে চূড়ান্ত অনুমোদন পেল চন্দ্রগঞ্জ উপজেলা
- আপডেট সময় : ০৭:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

অবশেষে চূড়ান্ত অনুমোদন পেল চন্দ্রগঞ্জ উপজেলা।।
মোঃ হাবিবুর রহমান মোল্লা , সহ-বার্তা সম্পাদক |
লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ পেল। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে চন্দ্রগঞ্জ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে নতুন মর্যাদায় যুক্ত হলো চন্দ্রগঞ্জ। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় বইছে আনন্দের জোয়ার।
চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদনের খবরে স্থানীয় জনপদে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হচ্ছে, সাধারণ মানুষের মুখে মুখে আনন্দের উচ্ছ্বাস।
এলাকাবাসী জানিয়েছেন, নতুন উপজেলা বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি কমবে। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে এবং অবকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
উপজেলা অনুমোদনের এ খবরে এলাকার সর্বস্তরের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রী ও জননেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি-র প্রতিও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের মতে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর আন্তরিক উদ্যোগ ও বলিষ্ঠ ভূমিকার ফলেই চন্দ্রগঞ্জবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
একজন বাসিন্দা বলেন, “আলহামদুলিল্লাহ, আজ আমাদের গর্বের দিন। আমরা এখন থেকে গর্বিত চন্দ্রগঞ্জ উপজেলা বাসী। এই স্বীকৃতি আমাদের নাগরিক সেবা সহজ করবে এবং এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে।”
নিকার সভার এ সিদ্ধান্তের পর এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশের অপেক্ষা। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উপজেলার মাধ্যমে লক্ষ্মীপুরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।



















