ভোরের আলো ফোটার আগেই ঝরে গেল একই পরিবারের পাঁচটি প্রাণ
- আপডেট সময় : ০৯:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

ভোরের আলো ফোটার আগেই ঝরে গেল একই পরিবারের পাঁচটি প্রাণ
এমদাদুল হক মীর, নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কা দিয়েছে। এতে একই পরিবারের শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন।
মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় আজ মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকার মালীগ্রাম এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই নারী ও দুই পুরুষ। আহত হন শিশুসহ আরও ৩ জন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোররাতে চোখে ঘুম নিয়ে ড্রাইভিং করার কারণেই দাঁড়িয়ে থাকা এলপি গ্যাসের ট্রাকে ধাক্কা দিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শিশুর মৃত্যু হয়।
এমদাদুল হক মীর


















